পাঁচবিবিতে হাম-রুবেলা ক্যাম্পেইন-২৬ এর শুভ উদ্বোধন
সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে হাম-রুবেলা ক্যাম্পেইন-২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল। এ সময় তিনি উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “হাম-রুবেলা একটি সংক্রামক রোগ হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে নির্ধারিত সময় ও নিয়ম অনুযায়ী টিকা গ্রহণ করতে হবে। শিশুদের জ্বর, সর্দি-কাশি, বমি কিংবা শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। সময়মতো চিকিৎসা সেবা গ্রহণ করলে হাম-রুবেলা থেকে সহজেই সুস্থ হওয়া সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ নুরুল আমিন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান, দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ইসরাত জাহান, সহকারী শিক্ষক মোঃ মাহবুব আলম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, মন্টু চন্দ্র ঘোষ, ইপিআই কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, পরিসংখ্যানবিদ মোহাম্মদ নানমুল হোসেন, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউনিয়ন পরিষদের বিচারিক দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ আবু হোসেন, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর হোসেন রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাম-রুবেলা প্রতিরোধে শিশুদের নির্ধারিত বয়স অনুযায়ী এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নির্ধারিত কেন্দ্রে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে।