আকাশসীমা আংশিক খুলে ছয় বিমানবন্দর চালু করলো ইরান
পূর্বাঞ্চলের আকাশসীমা সীমিত পরিসরে খুলে দেওয়ার পর ইরান ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় চালু করেছে। শনিবার (১৮ এপ্রিল) দেশটির ইরানিয়ান এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর।
এছাড়া মাশহাদ, বিরজান্দ, গোরগান এবং জাহেদান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরও পুনরায় কার্যক্রম শুরু করেছে।অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় বিমানবন্দরগুলোতে কার্যক্রম পুনরুদ্ধার করা হচ্ছে। ইতোমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো।তিনি আরও জানান, যাত্রীসেবা স্বাভাবিক রাখতে এবং দ্রুত ফ্লাইট পরিচালনা শুরু করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
