Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় বোতলের আঘাতে চাচাতো ভাই নিহত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৭, ১৮ এপ্রিল ২০২৬

দুপচাঁচিয়ায় বোতলের আঘাতে চাচাতো ভাই নিহত

দুপচাঁচিয়ায় বোতলের আঘাতে চাচাতো ভাই নিহত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার মণ্ডলপাড়ায় বোতলের আঘাতে রুপক মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই সুমন (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত রুপক মিয়া তালোড়া মণ্ডলপাড়ার আমানত হোসেনের ছেলে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার বাবা জীবিকার প্রয়োজনে বাইরে কাজ করেন। মাঝে মধ্যেই তিনি বাড়িতে মায়ের সঙ্গে উত্তেজিত আচরণ করতেন। শুক্রবার রাত ৮টার দিকে আবারও এমন আচরণ শুরু করলে পরিবারের সদস্যরা তাকে শান্ত করার জন্য চাচাতো ভাই রুপক মিয়াকে ডেকে আনেন।

রুপক মিয়া বাড়িতে গিয়ে সুমনকে শান্ত করার চেষ্টা করলে সুমন একটি কাঁচের বোতল দিয়ে তার মাথা ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে রুপক গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তিনি মারা যান।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আরিফা জাহান থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।