Joy Jugantor | online newspaper

সোনাতলায় জমি বিরোধের জেরে বৃদ্ধকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ১৮ এপ্রিল ২০২৬

সোনাতলায় জমি বিরোধের জেরে বৃদ্ধকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সোনাতলায় জমি বিরোধের জেরে বৃদ্ধকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

 বগুড়ার সোনাতলা উপজেলায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডি সূত্রে জানা যায়, উপজেলার মধ্য নারীরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ ছিদ্দিক রহমান (৭২) দীর্ঘদিন ধরে একই এলাকার কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে ছিলেন। এ বিরোধের প্রেক্ষিতে দায়ের করা বণ্টন মামলা নং ৭৮/২০০৯-এর রায় সম্প্রতি তার পক্ষে আসে। তবে আদালতের রায় পাওয়ার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে আদালতের রায়ের নোটিশ জারি করতে গেলে বিবাদীপক্ষ তা বাধাগ্রস্ত করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে ছিদ্দিক রহমানকেও বিভিন্ন সময় রাস্তাঘাটে চলাচলের সময় গালিগালাজ করা হয় এবং জমিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগী ছিদ্দিক রহমান জানান, “দীর্ঘদিন ধরে বিরোধ চললেও আদালতের রায় পাওয়ার পর ভেবেছিলাম সমস্যার সমাধান হবে। কিন্তু এখনো প্রতিপক্ষের হুমকি-ধমকি বন্ধ হয়নি। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”এ ঘটনায় সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।