এসএসসি-২০২৬ ব্যাচকে সংবর্ধনা দিল সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং
দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিংয়ের উদ্যোগে এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এসএসসি ও এইচএসসি-২০২৫ ব্যাচে জিপিএ-৫ প্রাপ্ত এবং ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির মডেল টেস্টে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।শনিবার (১৮ এপ্রিল) দুপুরে থানা বাসস্ট্যান্ডের অদূরে চক সুখানগরী এলাকায় কোচিং সেন্টারের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় এমপির প্রতিনিধি আব্দুল হামিদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুর রউফ, প্রভাষক আব্দুল হাই, প্রধান শিক্ষক আবুল বাসার, পৌরসভার সাবেক কাউন্সিলর ইউনুস আলী মহলদার মানিক, বিএনপি নেতা গাজিউর রহমান গাজী, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, হাবিবুর রহমান, অভিভাবক আব্দুল মান্নান, সফল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল আমিন মহলদার, শিক্ষার্থী হাবিবা আক্তার ও মাহি আক্তার।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, শিক্ষক শহিদুল ইসলাম, আশরাফুল আলম এবং প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ইমাম হাসানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এসএসসি-২০২৬ ব্যাচের ৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া মডেল টেস্টে প্রথম স্থান অধিকারীকে একটি ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি এলইডি মনিটর এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি মোবাইল ফোন পুরস্কার হিসেবে প্রদান করা হয়।এছাড়াও বিদায়ী প্রতিটি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। অন্যদিকে, এসএসসি ও এইচএসসি-২০২৫ ব্যাচে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে স্মারক প্রদান করা হয়।বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।