Joy Jugantor | online newspaper

বিশ্বকাপের দুঃখ ভুলতে বিসিবির নতুন উদ্যোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:২৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপের দুঃখ ভুলতে বিসিবির নতুন উদ্যোগ

বিশ্বকাপের দুঃখ ভুলতে বিসিবির নতুন উদ্যোগ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। তবে ক্রিকেটারদের যেন দীর্ঘদিন খেলার বাইরে না থাকতে হয় সেজন্য নতুন এক টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬ দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন রোমাঞ্চ যোগ করতে যাচ্ছে। দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বিসিবি। মোট তিনটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে।প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা প্রাইজমানি ও ম্যাচ ফি নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের দলগুলো হলো- ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের অধিনায়ক হিসাবে থাকছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দুর্বার একাদশকে। আকবর আলী অধিনায়কত্ব করবেন দুরন্ত একাদশের।

ধূমকেতু একাদশের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, তার সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের হেড কোচ মিজানুর রহমান বাবুল এবং সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের হেড কোচ হিসাবে থাকছেন হান্নান সরকার, সহকারী কোচের দায়িত্বে রাজিন সালেহ।টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ ডে নির্ধারণ করা হয়েছে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি ফাইনাল। প্রতিদিন বিকেল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডে ২০০, ক্লাব হাউজে ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডে ১,০০০ টাকা।