নওগাঁয় Spelling Star 2026 প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ‘Shaheen Education Family–Channel i Spelling Star 2026’-এর প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় নওগাঁ কেডি (কৃষ্ণধন) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০ মিনিট লিখিত পরীক্ষায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৩০০ জন শিক্ষার্থী অংশ নেয়।এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ সদর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার গোলাম রাব্বানী, কেন্দ্র প্রধান ও নওগাঁ শাহিন স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম রেজা, সহকারি প্রধান শিক্ষক রেজাউল ইসলাম ও মোঃ শামীম আহমাদ।পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্ধারিত ব্যবস্থাপনায় পরীক্ষার্থীরা পৃথক সারিতে পরীক্ষা কক্ষে প্রবেশ করে এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করে। পরীক্ষা কক্ষে প্রবেশের আগেই সুসজ্জিত তোরণের মাধ্যমে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হয়। আকর্ষণীয় মাঠসজ্জা ও বিভিন্ন ফটো পয়েন্টে পরীক্ষার্থীরা বাবা-মায়ের সঙ্গে ছবি তোলে এবং আনন্দঘন সময় কাটায়। পরীক্ষা শুরুর আগেই পুরো কেন্দ্র জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান- দেশব্যাপী ইংরেজি বানান দক্ষতা বিকাশের অন্যতম বৃহৎ আয়োজন Shaheen Education Family–Channel i Spelling Star 2026-এর প্রাথমিক বাছাই পরীক্ষায় দেশের ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে, ৬৪ জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে একযোগে অনুষ্ঠিত হয়েছে। Channel i এবং দৈনিক যুগান্তর পত্রিকা মিডিয়া পার্টনারশিপে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশব্যাপী চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২২,৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে।প্রাথমিক বাছাই পরীক্ষায় মোট ৫০টি প্রশ্ন ছিল এবং পরীক্ষার্থীরা প্রশ্নপত্রেই নির্ধারিত পদ্ধতিতে উত্তর প্রদান করে।
পরীক্ষা শেষে নির্ধারিত নীতিমালা অনুযায়ী উত্তরপত্র মূল্যায়নের কার্যক্রম শুরু করা হয়। কেন্দ্রভিত্তিক বাছাইয়ে নির্বাচিত শিক্ষার্থীদের আকর্ষণীয় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।Spelling Star-এর মূল প্রতিযোগিতায় শীর্ষ ১০ প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় ল্যাপটপসহ বিশেষ পুরস্কার। পাশাপাশি পুরস্কার হিসেবে থাকবে ৩ লাখ টাকা, ২ লাখ টাকা, ১ লাখ টাকা এবং দুজনের জন্য ৫০ হাজার টাকা করে নগদ অর্থ।পরবর্তী বিভাগীয় রাউন্ডে প্রায় ৫০০ নির্বাচিত পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে।
সেখানে লিখিত ও মৌখিক মূল্যায়নের মাধ্যমে দেশব্যাপী ১০০ জন প্রতিযোগীকে নির্বাচন করা হবে। নির্বাচিত এই ১০০ জনকে নিয়ে Channel i-এর পর্দায় Spelling Star-এর মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।আয়োজক কর্তৃপক্ষ জানায়, শিশুদের ইংরেজি বানান দক্ষতা ও শব্দভান্ডার বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা বিকাশের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।একই সঙ্গে শিশুদের ইংরেজিভীতি দূর করে মাতৃভাষার মতো স্বাভাবিক ও আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিকে গ্রহণ ও শেখার মানসিকতা তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
নওগাঁ সদর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার গোলাম রাব্বানী বলেন, এখানে পারা বা না পারা বিষয় না। পরীক্ষায় অংশ গ্রহনের আনন্দ ও উৎসাহ উদ্দিপনা বড় কথা। যেখানে শিক্ষার্থীরা মেধা যাচাইয়ের সুযোগ পাবে এবং তাদের ভীতি দুর হবে। আগামীতে তারা আরো বেশি বেশি চর্চা করবে এবং যে কোন প্রতিযোগীতামুলক পরীক্ষায় অংশ নিবে। এমন সুন্দর আয়োজন করায় শাহিন পরিবারকে ধন্যবাদ জানাই।#
