কুষ্টিয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু
বিয়ের আনন্দের মধ্যেই নেমে এলো শোক। বিয়ের কয়েক ঘণ্টার পর রাতে বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন আনাস (২৫) নামে এক যুবক।বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদি এলাকায় আনাসের বিয়ে হয়। বিকেলে নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন তিনি।
বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন চলছিল।এর মধ্যে প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। এতে ফ্যানের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয়রা আনাসকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।পরিবার ও স্থানীয়দের ধারণা, স্ট্যান্ড ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। তবে ঠিক কী কারণে ফ্যানটি বিদ্যুতায়িত হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আনাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
