ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে (সোমবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, ধামইরহাট পৌরসভা ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আয়োজনে এবং সুইজারল্যান্ড সরকার, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের জামায়াতের এমপি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজার ও সাবেক অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, নওগাঁ ডিডিএলজি টি.এম.এ. মমিন, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার, ওসি মিন্টু রহমান, ওয়াটারএইড বাংলাদেশ টিম লিডার সাইফ মনজুর-আল-ইসলাম।
পলিসি অ্যান্ড গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাইদ মাহাদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকরামাম মাহমুদা, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মণ্ডল, ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার ফজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পৌর প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ইএসডিও’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কর্মশালায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পৌরসভার রূপকল্প প্রণয়ন বিষয়ে আলোচনা পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজার ও অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম।
কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-২ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, “গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় যে কাজগুলো করা হচ্ছে তা অত্যন্ত চমৎকার। এ বিষয়ে আমি অবগত আছি। একটি পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি ল্যান্ড ফিল্ডের কথা আমি ইতোমধ্যেই জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তুলে ধরেছি। আমি আশাবাদী এটি খুব দ্রুত হবে। আমি পৌরসভার সকল স্তরের কর্মকর্তাকে তাদের দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
