রাজশাহীতে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
রাজশাহীতে মাদকাসক্ত ছেলে সুমনের বিরুদ্ধে মা সোহাগী খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সোহাগী খাতুন (৫৫) খড়খড়ি এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের মাদকাসক্ত ছেলে সুমনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সুমন দীর্ঘদিন ধরে বখাটে স্বভাবের এবং মাদকাসক্ত। শনিবার দিবাগত রাতে সে মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে সুমন। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র নিয়ে মায়ের ওপর হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই নারী এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এদিকে হত্যাকাণ্ডের পর নিহতের মরদেহ রাস্তায় ফেলে রেখে পালানোর চেষ্টা করে ঘাতক সুমন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে হেফাজতে নেয় এবং নিহত নারীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে অভিযুক্ত ছেলে সুমনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার এবং আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
