Joy Jugantor | online newspaper

‘আমি ছিলাম ব্যালন ডি`অর প্রাপ্য’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

‘আমি ছিলাম ব্যালন ডি`অর প্রাপ্য’

‘আমি ছিলাম ব্যালন ডি`অর প্রাপ্য’

২০২৫ সালটা দুর্দান্ত কাটিয়েছেন রাফিনিয়া। তবে গেল সেপ্টেম্বরে প্যারিসে ব্যালন ডি'অর অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠে পিএসজির তারকা উসমান ডেম্বেলের হাতে। যেখানে বার্সেলোনার এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অবস্থান ছিল পঞ্চম স্থানে। তা দেখে অবাক হয়েছিলেন অনেকেই। এতদিন এই বিষয় নিয়ে কোনো কিছু না বললেও এবার নীরবতা ভেঙে সেই আক্ষেপের কথা জানালেন রাফিনিয়া।সম্প্রতি জনপ্রিয় স্পোর্টস স্ট্যাটিকটিস এবং লাইভ স্কোর প্ল্যাটফর্ম সোফাস্কোরকে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া ২০২৫ ব্যালন ডি'অর নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, 'আমি অন্তত শীর্ষ তিনে থাকবো বলে আশা করেছিলাম। তাই ফলাফল দেখে হতাশ হয়েছিলাম। সত্যি বলতে, আমি নিজেকেই প্রথম স্থানে রাখতাম।'ব্যালন ডি'অর জয়ী খেলোয়াড় নির্ধারণের ক্ষেত্রে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বের কথা স্বীকার করলেও ফুটবলের এই ব্যক্তিগত সর্বোচ্চ সম্মাননা শুধু একটি প্রতিযোগিতার ওপর নির্ভর করা উচিত নয় বলে মনে করেন এই বার্সা তারকা।

বলেন, 'ব্যক্তিগত পুরস্কার একটি টুর্নামেন্টের ওপর নির্ভর করা ঠিক নয়। পুরো মৌসুমে যা করেছি, যে ট্রফিগুলো জিতেছি, মাঠে যে পারফরম্যান্স দেখিয়েছি-সব মিলিয়ে আমি ব্যালন ডি'অরের যোগ্য ছিলাম।' তবে পুরস্কার না পেলেও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট এই ব্রাজিলিয়ান তারকা। এই বিষয়ে বলেন, 'যে মৌসুম কাটিয়েছি, সেটা নিয়ে আমি খুশি। ব্যক্তিগত পুরস্কার আমার কাজকে মুছে দিতে পারবে না।' গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে ৩৪ গোল করেন রাফিনিয়া, ছিল ২৫টি অ্যাসিস্ট। তার দুর্দান্ত পারফরম্যান্স কাতালানদের লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১৪ ম্যাচে ১৩ গোল ও ৯ অ্যাসিস্ট করলেও চ্যাম্পিয়ন পিএসজির কাছে হেরে শেষ চারেই থামে বার্সেলোনা। যদিও রাফিনিয়া স্বীকার করেছেন, চ্যাম্পিয়নস লিগ না জেতায় ব্যালন ডি'অরের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। বলেন, 'এই পুরস্কারের সঙ্গে এমন অনেক বিষয় জড়িত, যেগুলো আমার নিয়ন্ত্রণে নেই।' তার মতে, পুরো মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে যদি ব্যালন ডি'অর তালিকা করা হতো, তাহলে সবার ওপরে নিজে থাকতেন বলে দাবি করেন এই ব্রাজিলিয়ান। এরপর লামিনে ইয়ামালকে দ্বিতীয়, পেদ্রিকে তৃতীয় এবং দেম্বেলেকে চতুর্থ স্থানে রাখতেন। অথচ উসমান ডেম্বেলের হাতে উঠেছে এই পুরস্কার। গেল মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতায় ৫৩ ম্যাচে ৩৫ গোল করে দলকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখেছেন ডেম্বেলে। সে সঙ্গে পিএসজিকে ফরাসি লিগ, ফ্রেঞ্চ কাপের পাশাপাশি ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতাতে অসামান্য ভূমিকা করেছেন এই ফরাসি তারকা।