Joy Jugantor | online newspaper

টানা সাত ম্যাচ জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৬

টানা সাত ম্যাচ জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানা সাত ম্যাচ জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামে নিগার সুলতানা জ্যোতির দল। শেষ ম্যাচে ডাচদের ৭ উইকেটে হারিয়ে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে টাইগ্রেসরা। রোববার (১ ফেব্রুয়ারি) নেপালের আপার মুলপানিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। তাদের প্রথম চার ব্যাটারের কেউই ৪ রানের বেশি করতে পারেননি। কেবল দুজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন।

দলের পক্ষে সানিয়া খুরানা করেন সর্বোচ্চ ৩৭ বলে করেছেন ৪৩ রান। এছাড়া রবিন রিজকি ৪৫ বলে করেন ৩৯ রান। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার।১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানেই আউট হন বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার। আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসও ২ রানের ব্যবধানে আউট। ২৮ বল খেলা শারমিন আক্তার সুপ্তাও খুব একটা স্বস্তিতে ছিলেন না। করেছেন মাত্র ১৩ রান। এরপর ৫৭ রানের জুটিতে জয় নিশ্চিত করেছেন জ্যোতি ও সোবহানা মোস্তারি। জ্যোতি ৪৪ বলে ৭ চারের সাহায্যে ৫০ এবং সোবহানা ২৩ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন। এ নিয়ে বাছাই পর্বের সাত ম্যাচের সবকটিতে জয় পেলো টাইগ্রেসরা।