চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে
চট্টগ্রাম-১৩ আসনের কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠন থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দ্বীপ কালার মোড়ল এলাকায় এক সভায় আনুষ্ঠানিকভাবে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।জানা যায়, উপজেলার শিকলবাহা ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দল সভাপতি রাজু আহমেদ ও ১ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ মো. দুলালের নেতৃত্বে এসব নেতাকর্মীরা যোগদান করেন।
যোগদানের বিষয়ে ১ নম্বর ওয়ার্ড শিকলবাহা শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ বলেন, আমরা দীর্ঘ সময় বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতিতে জড়িত ছিলাম। জামায়াতে ইসলামীর কার্যক্রম আমাদের পছন্দ হয়েছে। তাই দেশের রাজনীতির সচেতনতা ও আদর্শিক জায়গা থেকে আজকে আমরা শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছি।কর্ণফুলী জামায়াতের আমীর মুনির আবছার চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সকল সচেতন ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে জামায়াতে ইসলামীর জনগণের জন্য কাজ করবে। আমরা সকলকে আগামী ১২ ফেব্রুয়ারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয় করে চট্টগ্রাম-১৩ আসনে নতুন সমাজ বিনির্মাণের আহ্বান জানাই।
