ফাঁপোর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে বগুড়ার ফাঁপোর ইউনিয়নে আয়োজিত ‘মাদকমুক্ত সমাজ গঠন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় ফাঁপোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শহরদিঘী মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে ৪ নম্বর ওয়ার্ড শহরদিঘী ও ৯ নম্বর ওয়ার্ড কানাড়, ধাওয়াচান্দুইর দল মুখোমুখি হয়।ম্যাচের উদ্বোধন করেন ফাঁপোর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো. সাজ্জাদ হোসেন মানিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকমল হোসেন সজল।আয়োজকরা জানান, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।সেমিফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে দুই দলের খেলা উপভোগ করেন।ফাঁপোর ইউনিয়ন বিএনপি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দল অংশগ্রহণ করছে।
