বগুড়ায় বাসে স্কুলব্যাগে ৫০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক ১
বগুড়ায় যাত্রীবাহী বাসে স্কুলব্যাগে করে পাচারের সময় ৫০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।আজ সোমবার (১১ মে) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নওগাঁ থেকে বগুড়ায় একটি বড় মাদকের চালান পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে নওগাঁ থেকে বগুড়াগামী সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এসময় বাসের G-4 নম্বর সিটে টিকিটবিহীন অবস্থায় বসা এক যাত্রীর দেহ ও তার সঙ্গে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে কাগজে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় CUPIGESIC লেবেলযুক্ত বুপ্রেনরফাইন ইনজেকশনের ৫০০ অ্যাম্পুল উদ্ধার করা হয়। প্রতি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ১ হাজার মিলিলিটার মাদকদ্রব্য ছিল।এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্যামসাং গ্যালাক্সি AO3S মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের সাতখড়ি গ্রামের মো. সোহেল (৪৭)।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
