ফ্যানের কার্টনে লুকানো ৩২০০ ইয়াবা উদ্ধার, যুবক গ্রেফতার
বগুড়ার শাহাজানপুরে অভিনব কৌশলে ফ্যানের কার্টনের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের সুলতানগঞ্জ বনানী বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ডিএনসি সূত্রে জানা যায়, বাসের D-1 সিটে বসা টিকিটবিহীন যাত্রী চাইমনক্য চাকমা (২২)-কে সন্দেহ হলে তল্লাশি করা হয়।
এ সময় তার কাছে থাকা ফ্যানের খালি কার্টনের ভেতরে স্কচটেপে মোড়ানো ১৬টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক যুবক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাহাজানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে ডিএনসি।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
