পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম বলে: ফজলুর রহমান
জামায়াতের সমালোচনা করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ‘জামায়াত কিন্তু দুই নাম্বার দল। এই পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম বলে, তার নাম হইল জামায়াত। হেফাজতে ইসলামের আমির বলেছেন, “কাফের যদি ক্ষমতায় যায়, ইসলাম ফেরত আসতে পারে; কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর ইসলাম ফেরত আসবে না।”’গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি। সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রত্যাশা করে ফজলুর রহমান বলেন, ‘যে কথাটা বাংলাদেশে সাহস করে কেউ বলে না, সেই কথাটা আমি সংসদে বলব। আমি সংসদে যাওয়ার অর্থ হলো, একটা বাতি সব সময় জ্বলতে থাকবে।
এই বাতি হলো সত্য কথা বলার বাতি। যে কথাটা বাংলাদেশে সাহস করে কেউ বলে না, সেই কথাটা আমি বলব। কাজেই ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষেরা আমাকে ভোট দিলে আপনারা গৌরবান্বিত হবেন। আমি আপনাদের কাছে ভোট চাই এই কারণে, হাওরাঞ্চলকে আমি সোনার সংসার করতে চাই।’নিজের বয়সের সীমাবদ্ধতা তুলে ধরে ফজলুর রহমান আরও বলেন, ‘আমার বয়স ৭৮ বছর, আমার বয়সের শেষ সীমা। আমি একজন মুক্তিযোদ্ধা। আগামী পাঁচ বছর পর মুক্তিযোদ্ধাদের সবার বয়স ৮০ বা ৮২ বা ৮৫ হবে। আপনারা ইচ্ছা করলে আমার শেষজীবনে একজন মুক্তিযোদ্ধাকে ভোট দিয়ে গৌরবান্বিত হতে পারেন। মুক্তিযোদ্ধাকে ভোট দেওয়ার জন্য আর পাবেন না আপনারা।ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভূঞার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ফজলুর রহমানের স্ত্রী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম প্রমুখ বক্তব্য দেন।
