Joy Jugantor | online newspaper

জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে নিহত ১০৯

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৯, ১১ অক্টোবর ২০২৬

জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে নিহত ১০৯

জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে নিহত ১০৯

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জন। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে।আজ রোববার (১১ অক্টোবর) আইওএমের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।আইওএম জানায়, বৃহস্পতিবার রাতে জিবুতির পূর্ব উপকূলের গুহেরে এলাকার কাছে নৌকাটি ডুবে যায়। শুক্রবার ভোর হওয়ার আগপর্যন্ত এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। নৌকাটিতে ৩০০ জনের বেশি মানুষ ছিলেন। এটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল।দুর্ঘটনার পর ৮০ জনের বেশি মানুষ প্রাণে বেঁচে গেছেন। তাঁদের সবাই ইথিওপিয়ার নাগরিক। এদিকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে জিবুতির কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোয়েসাক বলেন, জরুরি সহায়তা দিতে তাঁদের দল স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

এ ঘটনায় প্রাণহানির ব্যাপক ক্ষয়ক্ষতিতে তিনি গভীর শোক প্রকাশ করেন।তিনি বলেন, অর্থনৈতিক সুযোগের সন্ধানে অভিবাসনপ্রত্যাশীরা এই পথে যাত্রা করেন। তাঁদের জন্য এই দুর্ঘটনা অভিবাসনপথে থাকা ভয়াবহ ঝুঁকির কথা আবারও মনে করিয়ে দিয়েছে।জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালি পাড়ি দিয়ে আফ্রিকার হর্ন অঞ্চল থেকে বহু মানুষ উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। কর্মসংস্থান ও নিরাপত্তার আশায় তাঁরা এই বিপজ্জনক পথ বেছে নেন। প্রণালিটির সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ প্রায় ২০ কিলোমিটার।আইওএমের তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর থেকে ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারের বেশি মানুষের আগমন নথিভুক্ত করা হয়েছে। গত বছর এই পথে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেন পাঁচ লাখের বেশি মানুষ। তাঁদের মধ্যে অন্তত ৯০০ জন নিহত হয়েছেন অথবা নিখোঁজ রয়েছেন।জিবুতি শুধু অভিবাসনপ্রত্যাশীদের যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ স্থান নয়, ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় দেশটি থেকে পালিয়েও কয়েক হাজার মানুষ জিবুতিতে আশ্রয় নিচ্ছেন।