জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কে নিসচার রোড ক্যাম্পেইন
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কে রোড ক্যাম্পেইন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা।আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার আমতলী বন্দরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং সড়ক সংকেত মেনে চলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, শিবগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, আইনবিষয়ক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, মহিলাবিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ ও রাইসুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী, পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারের অভ্যাস গড়ে তুলতে হবে। সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব।কর্মসূচির মাধ্যমে সড়ক ব্যবহারকারীদের মধ্যে নিরাপদ চলাচলের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও দুর্ঘটনা প্রতিরোধে নিসচার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকেরা জানান।
