Joy Jugantor | online newspaper

ধামইরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দভ্রমণ ও নবীনবরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ৯ অক্টোবর ২০২৬

ধামইরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দভ্রমণ ও নবীনবরণ

ধামইরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দভ্রমণ ও নবীনবরণ

নওগাঁর ধামইরহাটে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের নিয়ে আনন্দভ্রমণ ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৯ অক্টোবর) দিনব্যাপী ঐতিহ্যবাহী আলতাদীঘি জাতীয় উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নওগাঁ ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দভ্রমণে ৮৬ জন নবীন আইনজীবীকে সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মামুনুর রশীদ। এ সময় নবীন আইনজীবীদের উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপহার তুলে দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া হোসেন।অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, সাবেক পিপি ও সিনিয়র আইনজীবী এ জেড এম রফিকুল আলম, সাবেক পিপি শাহরিয়ার শিমু, সিনিয়র আইনজীবী মর্তূজা মাহতাব উদ্দিন, এস এম আব্দুর রহমান, আফজাল হোসেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাজুল ইসলাম, সদস্যসচিব এম এম শাহ আলম এবং নবীন আইনজীবী রকিবুল রকি, আনামিকা আক্তার, রবিউল আমিন ও মমিনুল ইসলাম মোমিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম নায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ হানজালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীরসহ জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবীরা।দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে নবীন আইনজীবীদের পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।