নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাসুদেবপুর রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়টি দেখতে পেয়ে রেলের খালাসি মো. শাহার আলী নলডাঙ্গা থানা-পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।পরে ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ সান্তাহার রেলওয়ে থানায় নেওয়া হয়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
