Joy Jugantor | online newspaper

চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক, অপসারিত পেরুর প্রেসিডেন্ট 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক, অপসারিত পেরুর প্রেসিডেন্ট 

চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক, অপসারিত পেরুর প্রেসিডেন্ট 

চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের তথ্য গোপন করায় দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মাথায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরিকে অপসারণ করেছে পেরুর কংগ্রেস।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে কেলেঙ্কারির সূত্রপাত হয়। তখন সরকারের নজরদারিতে থাকা চীনা ব্যবসায়ী জিহুয়া ইয়াংয়ের সঙ্গে জেরির একাধিকবার সাক্ষাতের ভিডিও প্রকাশ্যে আসে। ইয়াং একাধিক ব্যবসার মালিক এবং একটি জ্বালানি প্রকল্পে রাষ্ট্রীয় কনসেশনপ্রাপ্ত।

বিবিসি জানায়, জেরি বৈঠকগুলোর জন্য দুঃখ প্রকাশ করলেও অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। গত বছরের অক্টোবরে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা হারানো সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের স্থলাভিষিক্ত হওয়ার পর জেরি টানা তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অপসারিত হলেন।২০১৬ সালের পর থেকে হোসে জেরি ছিলেন পেরুর সপ্তম প্রেসিডেন্ট। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়ে কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

চীনা-পেরুভীয় ফিউশন খাবার থেকে নেওয়া ‘চিফা-গেট’ নামে পরিচিত এই কেলেঙ্কারিতে স্থানীয় গণমাধ্যম প্রথম সিসিটিভি ফুটেজ প্রকাশ করে বলে জানিয়েছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়, পেরুর আইন অনুযায়ী প্রেসিডেন্টদের সব সরকারি কর্মকাণ্ড নথিবদ্ধ করতে হয়। তবে জেরি ওই বৈঠকগুলোর কোনো রেকর্ড সংরক্ষণ করেননি। এছাড়া প্রেসিডেন্ট প্রাসাদে গভীর রাতে বৈঠকের পর কয়েকজন নারীকে রাষ্ট্রীয় চুক্তি দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।বুধবার কংগ্রেস নতুন এক অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা করবে। তিনি এপ্রিলের সাধারণ নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।