Joy Jugantor | online newspaper

বগুড়ায় ভাষা দিবসকে ঘিরে ফুলবাজারে কর্মব্যস্ততা,অর্ধকোটি টাকার বিক্রির আশা

নিজস্ব  প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় ভাষা দিবসকে ঘিরে ফুলবাজারে কর্মব্যস্ততা,অর্ধকোটি টাকার বিক্রির আশা

বগুড়ায় ভাষা দিবসকে ঘিরে ফুলবাজারে কর্মব্যস্ততা,অর্ধকোটি টাকার বিক্রির আশা

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বগুড়ার ফুলের বাজারে এখন ব্যস্ততার শেষ নেই। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিতে আসবেন।এমন প্রত্যাশায় বিপুল পরিমাণ ফুলের মালা, তোড়া ও বিশেষ নকশার পুষ্পস্তবক প্রস্তুত করছেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা জানান, ভাষা দিবসকে কেন্দ্র করে এ বছর বগুড়ার ফুল বাজারে প্রায় অর্ধকোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা সংস্থা, বিভিন্ন সংগঠন ও ব্যক্তির কাছ থেকে অগ্রিম অর্ডার পেয়েছেন তারা। নির্ধারিত সময়ের আগেই অর্ডার সরবরাহ নিশ্চিত করতে দোকানে দোকানে দিন-রাত চলছে মালা তৈরির কাজ। অনেক দোকানে অতিরিক্ত কর্মীও নিয়োগ দেওয়া হয়েছে।

শহরের ফুল মার্কেটের দোকানগুলোতে বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস ও জারবেরা ফুল দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন আকারের মালা ও তোড়া। বিশেষ করে শহীদ মিনারে অর্পণের জন্য লাল-সাদা রঙের সমন্বয়ে তৈরি মালার চাহিদা সবচেয়ে বেশি। আকারভেদে এসব মালার দাম ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বড় আকারের পুষ্পস্তবকের দাম আরও বেশি।ফুল ব্যবসায়ীরা বলেন, প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস-সহ বিভিন্ন জাতীয় দিবসে ফুলের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের সরবরাহ ভালো হলেও পাইকারি বাজারে দাম কিছুটা বেড়েছে। তবুও ক্রেতাদের আগ্রহে ভাটা পড়েনি। অনেক দোকানেই আগেভাগে লাখ টাকার বেশি ফুল সংগ্রহ করে মজুত রাখা হয়েছে।

ব্যবসায়ীদের ভাষ্য, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথম প্রহর থেকেই বিভিন্ন সংগঠন সারিবদ্ধভাবে ফুল অর্পণ করে। তাই নির্দিষ্ট সময়ের আগেই সব অর্ডার প্রস্তুত রাখতে হয়। কেউ যাতে ফুলের অভাবে ফিরে না যান, সে জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করছেন।স্থানীয় ক্রেতারা জানান, ভাষা শহীদদের স্মরণে ফুল অর্পণ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আবেগ ও শ্রদ্ধার প্রকাশ। তাই প্রতিবছর পরিবারের সদস্যদের নিয়েও শহীদ মিনারে যান অনেকেই। ভাষা শহীদদের স্মরণে ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে বগুড়ার ফুলের বাজারে তৈরি হয়েছে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ। ভালো বিক্রির আশায় উচ্ছ্বসিত স্থানীয় ফুল ব্যবসায়ীরা, আর শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতিতে ব্যস্ত নগরবাসী।