শেরপুরে মোবাইল চার্জার বিস্ফোরণে পুড়ল ইলেকট্রিশিয়ানের বাড়ি: ১৫ লক্ষ টাকার ক্ষতি
বগুড়ার শেরপুর উপজেলার টাউন কলোনি এলাকায় মোবাইল চার্জার বিস্ফোরণ থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান এস এম খোকনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর বারোটার দিকে খোকনের বাড়িতে একটি মোবাইল চার্জার বৈদ্যুতিক সকেটে থাকা অবস্থায় আকস্মিক বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় কোনো প্রাণহানি না ঘটলেও আসবাবপত্র ও মালামাল বের করার সুযোগ পাননি।ভুক্তভোগী খোকনের ছোট ভাই এস এম খোকন জানান, বাটন মোবাইল চার্জ দিয়েছিল।
চার্জার বিস্ফোরণ হয়ে এই আগুনের সুত্রপাত ঘটে। আগুনে তার বাড়ির টিভি, ফ্রিজ, আলমারি এবং ঘরে থাকা নগদ টাকাসহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আক্ষেপ করে বলেন, সব হারিয়ে আমি এখন নিঃস্ব। আগুনের প্রচণ্ডতায় কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন তিনি।খবর পেয়ে শেরপুর এবং বগুড়া থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে যায়।শেরপুর ফায়ার সার্ভিস ওয়ার হাউজ সিভিল ডিফেন্ড কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। আগুন যেন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে না পড়ে, সেদিকেই তাদের মূল নজর ছিল।
