Joy Jugantor | online newspaper

শিবগঞ্জের মধুপুর গ্রামে ঐতিহ্যবাহী পাতা খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ১১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৩২, ১১ এপ্রিল ২০২৬

শিবগঞ্জের মধুপুর গ্রামে ঐতিহ্যবাহী পাতা খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

শিবগঞ্জের মধুপুর গ্রামে ঐতিহ্যবাহী পাতা খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামে ঐতিহ্যবাহী পাতা খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে ৫টি তান্ত্রিক দল অংশ নিতে আসে গ্রামীণ এই পাতা খেলার প্রতিযোগিতায়।গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা চলে। খেলার জন্য মাঠের মাঝখানে লাগানো হয় কলাগাছ। দলের পক্ষ থেকে তান্ত্রিকরা মন্ত্র দিয়ে পাতারুপী তুলারাশির ৩ জনকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল তাদের মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টেনে বশ করতে পারবে, সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিচারকরা বিজয়ী ঘোষণা করেন।

খেলায় তান্ত্রিকরা মানুষের মাথার খুলি, কাসার পাতিল, লাঠি, তাবিজ, মন্ত্র পড়া বদনাভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতি, হরিণের শিংসহ বিভিন্ন প্রকার গাছের শিকড় ও গাছের বাকল ব্যবহার করেন। এর সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের মন্ত্র। খেলা উপভোগ করতে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।আয়োজকরা সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জের মহররম তান্ত্রিক দলকে বিজয়ী ও রংপুরের হাসান তান্ত্রিক দলকে রানার্সআপ ঘোষণা করেন। বিজয়ী দলকে একটি গরু এবং রানার্সআপ দলকে একটি ছাগল পুরস্কার দেয় আয়োজক কমিটি।খেলার আয়োজক মুসা প্রামানিক বলেন, "পাতা খেলা যে মানুষের এত প্রিয় আমি ধারণাই করতে পারিনি। বিভিন্ন এলাকা থেকে মানুষ খেলা দেখতে ছুটে এসেছে। অনেক আগে এ খেলার প্রচলন ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী পাতা খেলা হারিয়ে যেতে বসেছে। তাই এ আয়োজন করা হয়েছে।"