বগুড়ায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে বগুড়া সিটি কর্পোরেশন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। এসময় তিনি বলেন, বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ খাল খনন কার্যক্রম হাতে নিয়েছে। এর পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী যেন অল্প দামে চিনি, তেল ও ডাল কিনতে পারেন এজন্য মহানগরের গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ট্রাকে ৪০০জন করে সাধারণ গ্রাহক কার্ড ছাড়াই সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন। এই কার্যক্রম ঈদুল আজহার আগ পর্যন্ত চলমান থাকবে। এর মাধ্যমে প্রতিদিন ৪ হাজার প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবেন। প্রয়োজনে এই কার্যক্রম আরও বাড়ানোর চেষ্টা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জু প্রমুখ। জানা যায়, সোমবার সকাল থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বগুড়া মহানগরের ১০টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান ট্রাকসেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করেছে। এই কার্যক্রম ঈদুল আজহার আগ পর্যন্ত চলবে। প্রতিদিন এসব ট্রাক থেকে ৪০০জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। ভোক্তা প্রতি সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, এক কেজি চিনি ৮০ টাকা এবং দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে।
