Joy Jugantor | online newspaper

আইপিএলের ভেন্যুতে নাশকতা, ২৪০টির বেশি সিসিটিভি ক্যামেরা অচল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:১৪, ২৭ এপ্রিল ২০২৬

আইপিএলের ভেন্যুতে নাশকতা, ২৪০টির বেশি সিসিটিভি ক্যামেরা অচল

আইপিএলের ভেন্যুতে নাশকতা, ২৪০টির বেশি সিসিটিভি ক্যামেরা অচল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের নিরাপত্তা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে দুজনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।গত ২৪ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ও গুজরাট টাইটান্সের ম্যাচের দিনে ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (এনভিআর) সিস্টেম ও ফাইবার অপটিক লিঙ্কের ক্ষতি করার কারণে ২৪০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল। এতে বড় ইভেন্টের নিরাপত্তা দুর্বলতা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। সন্দেহভাজন দুজন হলেন ৩৭ বছর বয়সী মানজুনাথ ও ১৯ বছরের আব্দুল কালাম। দুজনেই ভেন্যুর ডিজিটাল ও সার্ভেইল্যান্স সার্ভিসের জন্য চুক্তিবদ্ধ সাব ভেন্ডর আইভিএস ডিজিটাল সলিউশন্সে কাজ করেন।

গুরুগ্রামের এআই সার্ভেইল্যান্স ফার্ম স্টাকু টেকনোলজিসের কর্মী আদিত্য ভাট আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, আটক দুজন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সংরক্ষিত সিসিটিভি কন্ট্রোল রুমের ভেতরে ঢোকে এবং নিরাপত্তা সরঞ্জামের ক্ষতি করে। হাতে পাওয়া প্রমাণের মধ্যে সিসিটিভি ফুটেজ রয়েছে। যেখানে দেখা গেছে, তারা কন্ট্রোল রুম ও পার্কিং ফ্যাসিলিটিজের কাছে অবস্থিত বিভিন্ন কানেকশন বক্সের মতো স্পর্শকাতর জায়গায় অবস্থান করছে।স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থায় ধাক্কা দেওয়া এই ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ১০ লাখ রুপির বকেয়া থাকার প্রতিবাদ হিসেবে তারা এমন কাজ করেছে।দুই অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, বারবার তাড়া দিলেও বেতন অপরিশোধিত থাকার হতাশা থেকে তারা এমন কাণ্ড ঘটিয়েছে। ইচ্ছাকৃতভাবে সম্পত্তি ধ্বংসের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং অধিকতর তদন্ত চলমান।