Joy Jugantor | online newspaper

বগুড়ায় গ্রামীণ সড়কের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫০, ২৫ এপ্রিল ২০২৬

বগুড়ায় গ্রামীণ সড়কের উদ্বোধন

বগুড়ায় গ্রামীণ সড়কের উদ্বোধন

বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নে নতুন একটি হেরিং বন্ড (এইচবিবি) সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের দীঘলকান্দি পশ্চিম পাড়া এলাকায় নবনির্মিত এই সড়কের উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, এলাকার অবকাঠামো উন্নয়নে সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে ইউনিয়নের সব কাঁচা রাস্তা পাকাকরণের আওতায় আনা হবে। লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলী, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন ও জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর। সভায় বক্তারা গ্রামীণ জনপদের উন্নয়নে কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এলাকার সমৃদ্ধি কামনা করা হয়।