পাওনা টাকা চাইতে গিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে পাওনা ৫ হাজার টাকা চাইতে গিয়ে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনোয়ার মোল্লা (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত ব্যক্তির নাম করিম প্রামাণিক (৬৫)। তিনি ভবানীপুর ইউনিয়নের বরইদহ খন্দকারপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের ছেলে শাহাদত প্রামাণিক বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহতের বড় ছেলে শফিকুল ইসলাম একজন শ্রমিক। তিনি অভিযুক্ত আনোয়ার মোল্লার অধীনে কাজ করতেন। কাজের মজুরি বাবদ তার কাছে ৫ হাজার টাকা পাওনা ছিল। গত ২১ এপ্রিল রাতে পাওনা টাকা চাইতে গেলে আনোয়ার তাকে রাতে বাড়িতে ডেকে নেন।
সেখানে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে এবং মারধর শুরু করে। একপর্যায়ে শফিকুলকে বাঁচাতে গেলে তার বাবা করিম প্রামাণিকের ওপর হামলা চালানো হয়। তাকে লাঠি ও লোহার বস্তু দিয়ে আঘাত করা হয়।স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে করিম প্রামাণিকের মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। পরদিন অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।নিহতের ছেলে শাহাদত প্রামাণিক অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে।শেরপুর থানার ওসি এস.এম. মঈনুদ্দীন জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।