Joy Jugantor | online newspaper

শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ২৩ এপ্রিল ২০২৬

শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় সেবা নিতে গিয়ে কর্তব্যরত এক নারী উপ-পরিদর্শক (এসআই)-কে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করায় এক যুবককে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে থানার ভেতরে এ ঘটনা ঘটে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম রোকসানা খাতুন (বিপি নং- ৯৫২১২৩৭৮৮৬)। তিনি গত ১৯ এপ্রিল ২০২৫ সালে শেরপুর থানায় যোগদান করেন। তার বিরুদ্ধে আগেও সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের একাধিক অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী যুবক জানান, ব্যক্তিগত প্রয়োজনে তিনি সকালে থানায় যান। সেখানে ডিউটিতে থাকা এসআই রোকসানা খাতুনকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে কথা বলতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে কোনো কারণ ছাড়াই তাকে থানায় আটকে রাখা হয়। প্রায় দেড় ঘণ্টা পর মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।স্থানীয় সূত্রে জানা যায়, এসআই রোকসানা খাতুন যোগদানের পর থেকেই সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে প্রায়ই তর্কে জড়ান। ভুক্তভোগী রেজাউল করিম, হাসান ও নাঈম ইসলাম জানান, কয়েক মাস আগে ওসি’র সঙ্গে দেখা করতে গেলে ডিউটিতে থাকা ওই কর্মকর্তা তাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন এবং ধমক দিয়ে থানা থেকে বের করে দেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দীন বলেন, এসআই রোকসানা খাতুনের বিরুদ্ধে আগেও মৌখিকভাবে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।স্থানীয়দের মতে, জনগণের বন্ধু হিসেবে পরিচিত পুলিশের এমন আচরণ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা দ্রুত ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।