Joy Jugantor | online newspaper

বাউন্সারের আঘাতে পড়ে গেল ব্যাটার, ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৪, ২২ এপ্রিল ২০২৬

বাউন্সারের আঘাতে পড়ে গেল ব্যাটার, ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

বাউন্সারের আঘাতে পড়ে গেল ব্যাটার, ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ‘বিপজ্জনক’ পিচের কারণে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।লিওয়ার্ড আইল্যান্ড ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যকার এই ম্যাচে ক্যারিবীয় পেসার জেডন সিলসের একটি ডেলিভারি ব্যাটারের হেলমেটে আঘাত করার পর নিরাপত্তাজনিত কারণে আম্পায়াররা খেলা বন্ধের সিদ্ধান্ত নেন।ম্যাচের তৃতীয় দিনে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পেসার জেডন সিলস দুর্দান্ত ফর্মে ছিলেন। খেলা বন্ধ হওয়ার আগে লিওয়ার্ড আইল্যান্ডের সাতটি উইকেটের সবকটিই শিকার করেন তিনি।তবে বিপত্তি ঘটে যখন সিলসের একটি ডেলিভারি হঠাৎ অস্বাভাবিক বাউন্স করে দ্রুত উঠে জেরেমিয়াহ লুইসের হেলমেটে আঘাত করে।  লুইস সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং হতাশায় নিজের হেলমেটে লাথি মেরে মাঠ ছেড়ে চলে যান। পরে লুইসকে কনকাশন পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

ঘটনার সময় লিওয়ার্ড আইল্যান্ডের স্কোর ছিল ৭ উইকেটে ১৪০।ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানায়, স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের বিপজ্জনক পিচ পরিস্থিতির কারণে ম্যাচটি ড্র ঘোষণা করে পরিত্যক্ত করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনে পিচের আচরণ অনিয়মিত ও অনির্দেশ্য হয়ে ওঠে, যা খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে। এ সময়ই জেরেমিয়াহ লুইস আঘাত পান।অন-ফিল্ড আম্পায়াররা যখন মনে করেন যে খেলা চালিয়ে যাওয়া বিপজ্জনক বা অযৌক্তিক, তখন নিয়ম অনুযায়ী খেলা বন্ধ করতে হয় এবং ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করা হয়।পরে কিউরেটরের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়, পিচ এমনভাবে মেরামত করা সম্ভব নয় যাতে কোনো এক দল বাড়তি সুবিধা না পায়। তাই পিচকে অনুপযুক্ত ঘোষণা করে ম্যাচটি ড্র হিসেবে বাতিল করা হয়। ম্যাচ বন্ধ হওয়া পর্যন্ত দুই দল যে পয়েন্ট অর্জন করেছে, সেটাই তাদের দেওয়া হবে।আগামী ১৭-২০ মে একই ভেন্যুতে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিডব্লিউআই আশ্বাস দিয়েছে, ফাইনালের আগে পিচটিকে নিরাপদ ও প্রতিযোগিতামূলক করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।