Joy Jugantor | online newspaper

ডিএফপি’র আয়োজনে আঞ্চলিক-স্থানীয় পত্রিকার সম্পাদকদের নিয়ে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৬, ২২ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:০০, ২২ এপ্রিল ২০২৬

ডিএফপি’র আয়োজনে আঞ্চলিক-স্থানীয় পত্রিকার সম্পাদকদের নিয়ে অবহিতকরণ সভা

ডিএফপি’র আয়োজনে আঞ্চলিক-স্থানীয় পত্রিকার সম্পাদকদের নিয়ে অবহিতকরণ সভা

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)’র আয়োজনে আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার সম্পাদকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধনকরণ) আইন, ১৯৭৩ এবং সংবাদপত্র ও সাময়িকীর মিডিয়া তালিকাভুক্তি ও নিরীক্ষা নীতিমালা-২০২২ প্রতিপালন’ শীর্ষক এ সভা গত সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় ঢাকার সার্কিট হাউস রোডস্থ তথ্য ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা খানম। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মুহা. শিপলু জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) সুফি আব্দুল্লাহিল মারুফ, উপ-পরিচালক (বিজ্ঞাপন, নিরীক্ষা ও নিবন্ধন) মোহাম্মদ রাশেদুজ্জামান এবং সহকারী পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) তানভী তাবাসসুম।

অবহিতকরণ সভায় সম্পাদকদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র সভাপতি এবং ঝালকাঠির দৈনিক শতকণ্ঠ পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন মনজু, সহ-সভাপতি ও ভোলার আজকের ভোলা পত্রিকার সম্পাদক মো. শওকত হোসেন, সহ-সভাপতি ও পটুয়াখালীর দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক মো. গোলাম কিবরিয়া, চট্টগ্রামের দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, নরসিংদীর দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল, রংপুরের দৈনিক যুগের আলো’র সম্পাদক মমতাজ শিরিন ভরসা, খুলনার দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক তরিকুল ইসলাম, রাজবাড়ীর দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক আব্দুল মতিন এবং টাঙ্গাইলের দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার শাদাত ইমরান প্রমুখ।

বক্তারা পত্রিকায় বিজ্ঞাপন ও ক্রোড়পত্রের সুষম বণ্টন, বিজ্ঞাপন ও ক্রোড়পত্রে বাজেট বৃদ্ধি, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞাপন হার বাড়ানো, পত্রিকার মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে নিরীক্ষা নীতিমালা অনুসরণ এবং ১৯৭৩ সালের প্রেস অ্যান্ড পাবলিকেশন আইন অনুযায়ী ডিক্লারেশন ও মিডিয়া তালিকাভুক্তির যথাযথ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি মিডিয়াভুক্ত নয়—এমন পত্রিকায় সরকারি বিজ্ঞাপন প্রদান বন্ধেরও আহ্বান জানান তারা।সভাপতির বক্তব্যে মহাপরিচালক খালেদা খানম নিরীক্ষা নীতিমালা-২০২২ বাস্তবায়নে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন। তিনি সম্পাদকদের উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।