Joy Jugantor | online newspaper

‘আমি কারও হাতের পুতুল নই’— সংবাদ সম্মেলনে বিস্ফোরক পিটার বাটলার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

‘আমি কারও হাতের পুতুল নই’— সংবাদ সম্মেলনে বিস্ফোরক পিটার বাটলার

‘আমি কারও হাতের পুতুল নই’— সংবাদ সম্মেলনে বিস্ফোরক পিটার বাটলার

আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ার এই সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত দুইটায় অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে নারী ফুটবল দল। দেশ ছাড়ার আগে দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে হাজির হন নারী দলের কোচ পিটার বাটলার। এ সময় বেশ বিস্ফোরক কথাবার্তা বলেছেন নারী দলের এই কোচ। দলের প্রস্তুতিতে ঘাটতি এবং বাফুফের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নিয়ে নিজের জমানো ক্ষোভ উগরে দেন বাটলার।

নারী দলের এই কোচ বলেন, ‘হয়তো এই বাফুফেতে সবাই ফুটবলকে সেভাবে বোঝেন না। জীবনে যেমন হয়, ফুটবলও তেমন। অনেক সময় আপনি জয় আর ফলাফল দিয়ে ফাটলগুলো কাগজ দিয়ে ঢেকে রাখেন। কিন্তু বিষয়টা শুধু প্রথম ১০ মিনিটে ২ গোল করা, তার পরের ২০ মিনিটে আবার ২ গোল করার মধ্যে সীমাবদ্ধ নয়। বিষয়টা হলো, এমন পারফরম্যান্স গড়ে তোলা, যেখানে বিশ্বাসযোগ্য, মানসম্মত পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণ করা যায়।’ 

তিনি আরও বলেন, ‘আমি লাইবেরিয়া, বতসোয়ানা, ইংল্যান্ড ও মালয়েশিয়ায় কাজ করেছি। আমি কারও হাতের পুতুল নই। যখন সবকিছু গোলমেলে হয়ে যায়, তখন সবাই বলে এটা “বাটলারের দোষ” বা “বাটলারের পরিকল্পনা”। আমি এই দলের জন্য দায়বদ্ধ হতে রাজি, কিন্তু তার আগে লোকেদের মিডিয়ার কাছে গিয়ে মিথ্যা বলা বন্ধ করতে হবে।’ ডিসেম্বরের পর আর প্রস্তুতি ম্যাচ খেলেনি নারী ফুটবল দল। এতে অসন্তুষ্টি প্রকাশ করে এর দায় বাফুফের ঘাড়ে দিয়েছেন বাটলার। তিনি বলেন, ‘আমি বাস্তব জগতে বাস করি, রূপকথার রাজ্যে নয়। প্রস্তুতির চেয়ে লিগ বেশি অগ্রাধিকার পেয়েছে, যা আদর্শ মানের হয়নি। আমি রিঅ্যাকটিভ হওয়ার চেয়ে প্রোঅ্যাকটিভ হওয়া পছন্দ করি।’