Joy Jugantor | online newspaper

গবি অধ্যাপক মনসুর মুসা পেলেন মাতৃভাষা পদক

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ০৩:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

গবি অধ্যাপক মনসুর মুসা পেলেন মাতৃভাষা পদক

গবি অধ্যাপক মনসুর মুসা পেলেন মাতৃভাষা পদক

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ এর পদক পাচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বাংলা বিভাগের অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় জাতীয় পদকের জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা।

অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা বলেন, "দীর্ঘ সময় ধরে গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করছি। আমার কাজের ক্ষেত্র ভাষাবিজ্ঞান। এখনো হাতে কিছু কাজ আছে। সব কাজেই আমার সহকর্মীরা সহযোগিতা করে আসছেন। এই কৃতিত্ব-গৌরব সকলেরই।"

গবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন জানান, অধ্যাপক মনসুর মুসার অর্জনে আমরা অনেক গর্বিত। সমাবর্তনের পরে উনার গবেষণা কার্যক্রম ও অর্জন নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত জানাতে আলোচনা সভার আয়োজন করা হবে।

এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রাখা জোসেফ ডেভিড উইন্টার ও প্রতিষ্ঠান হিসেবে পদক পাচ্ছেন প্যারিসে বাংলাদেশ দূতাবাস।

প্রসঙ্গত, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের সংস্থা ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়। এ বছর এই স্বীকৃতি দেওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা একুশে ফেব্রুয়ারি বেলা তিনটায় ইউনেসকো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছাবার্তা দেবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।