Joy Jugantor | online newspaper

এবার রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৪২, ১ ফেব্রুয়ারি ২০২৬

এবার রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণ

এবার রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণ

মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে, আনুমানিক দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তার বাড়ির সামনে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।গুলির ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। পুলিশ জানায়, গুলিবর্ষণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে রোহিত শেঠির বাড়ির বাইরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। তবে এই হামলার পেছনে দুষ্কৃতকারীদের উদ্দেশ্য কী, তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।রোহিত শেঠি মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বসবাস করেন। এই এলাকায় বহু বলিউড তারকার বাসভবন রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও সাম্প্রতিক সময়ে বিনোদনজগতের একাধিক তারকার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে বলিউড সুপারস্টার সালমান খানের আবাসন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়। ওই হামলার দায় নেয় বিষ্ণোই গ্যাং। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলেও পরে তারা জামিনে মুক্তি পান।এ ছাড়া বলিউড অভিনেত্রী দিশা পাটানির উত্তর প্রদেশের বরেলির বাড়ির বাইরেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেই হামলার দায়ও বিষ্ণোই গ্যাং স্বীকার করেছিল। অভিযুক্ত দুই হামলাকারী পরে পুলিশের এনকাউন্টারে নিহত হয়।কানাডায় জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার ক্যাফেতে তিন দফা গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার দায় স্বীকার করে একই গ্যাং। একইভাবে কানাডায় পাঞ্জাবি সংগীতশিল্পী এপি ধিলোঁর বাড়ির বাইরেও গুলি চালানোর দায় নেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত রোহিত গোদারা।পাশাপাশি ভারতের গুরুগ্রামে ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও কেউ দায় স্বীকার করেনি।রোহিত শেঠির বাড়ির বাইরে সাম্প্রতিক এই গুলিবর্ষণের ঘটনাটি ঘিরে তদন্ত চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রোহিত শেঠি।