অর্থাভাবে থমকে চিকিৎসা, দুই পা হারানো ট্রাকচালকের পাশে স্থানীয় যুবকেরা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সড়ক দুর্ঘটনায় দুই পা হারিয়ে গুরুতর আহত ও অসহায় ট্রাকচালক হীরার চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন একদল মানবিক তরুণ। রবিবার (৫ জুলাই) সকালে তারা সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে হীরার বাড়িতে গিয়ে তার স্ত্রী মৌসুমী আক্তার-এর হাতে চিকিৎসা সহায়তা হিসেবে প্রায় ২২ হাজার টাকা তুলে দেন। একই সঙ্গে ভবিষ্যতেও তার চিকিৎসায় পাশে থাকার আশ্বাস দেন।এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন, স্থানীয় বাসিন্দা বাচ্চু সরদার, মহসিন, নাছির উদ্দিন, পল্লী চিকিৎসক নাহিদ হোসেন, মেহেদী হাসান রাব্বী, জাহিদ হাসান কাজল, মামুন ও সামাদুলসহ অনেকে।
স্থানীয় যুবক আমিনুল ইসলাম সোহাগ ও শাকিল জানান, ভয়াবহ দুর্ঘটনায় হীরার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘমেয়াদি চিকিৎসা ও একাধিক অস্ত্রোপচারের জন্য বিপুল অর্থের প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তার পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। মানবিক দায়িত্ববোধ থেকে এলাকার তরুণেরা স্বতঃস্ফূর্তভাবে অর্থ সংগ্রহ করে পরিবারের হাতে তুলে দিয়েছেন।হীরার স্ত্রী মৌসুমী আক্তার জানান, গত ২৮ এপ্রিল বগুড়ার মাটিডালী এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তার স্বামী গুরুতর আহত হন এবং তার দুই পা কেটে ফেলতে হয়। প্রথমে তিনি প্রায় দুই মাস বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাকে নওগাঁ গ্রিন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, চিকিৎসা করাতে গিয়ে পরিবারের সঞ্চিত সব অর্থ শেষ হয়ে গেছে। স্থানীয়দের দেওয়া সহায়তা চিকিৎসার জন্য অনেক উপকারে এলেও উন্নত চিকিৎসা সম্পন্ন করতে এখনও আরও অর্থের প্রয়োজন। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন মানবিক সংগঠনের সহযোগিতা কামনা করেন।সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, স্থানীয় যুবকদের এই মানবিক উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। তিনি সমাজের বিত্তবানদেরও হীরার চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে চিকিৎসা সহায়তার জন্য আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।বর্তমানে হীরার পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তার চিকিৎসা অব্যাহত রাখতে আর্থিক সহায়তার জন্য পরিবারটি সবার সহযোগিতা কামনা করেছে। সহায়তা করতে আগ্রহীরা হীরার ব্যক্তিগত বিকাশ নম্বর ০১৭২৩-০৬১০৬১-এ যোগাযোগ করতে পারবেন।
