Joy Jugantor | online newspaper

চট্টগ্রামে হারানো পাসপোর্ট ও তিন লাখ টাকা ফিরে পেলেন ব্রিটিশ দম্পতি

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ০০:১৩, ২৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ০০:১৩, ২৩ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে হারানো পাসপোর্ট ও তিন লাখ টাকা ফিরে পেলেন ব্রিটিশ দম্পতি

চট্টগ্রামে নগরীতে সিএনজিচালিত অটোরিকশায় ভুলে হাতব্যাগ রেখে ব্যাংকে যান ব্রিটিশ দম্পতি। ব্যাগটিতে ছিল দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা, মোবাইল ফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র। ব্যাংকে ঢোকার পর ব্যাগের কথা তাদের মনে পড়ে। তাৎক্ষণিক বাইরে এসে দেখেন, অটোরিকশাটি নেই। পরে বিষয়টি থানায় জানানো হলে আট ঘণ্টায় পাসপোর্ট, নগদ টাকা, অন্যান্য জিনিসপত্রসহ ব্যাগটি উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার রাত আটটার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২টায় হাতব্যাগ হারানোর বিষয়টি থানায় জানান ওই ব্রিটিশ দম্পতি।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, মঙ্গলবার নগরের লাভ লেন এলাকায় অটোরিকশায় হাতব্যাগটি ফেলে যান ব্রিটিশ দম্পতি তাফিকা চৌধুরী ও তার স্বামী ওয়াসিউর রহমান। তারা তাৎক্ষণিক বিষয়টি কোতোয়ালি থানা পুলিশ, চট্টগ্রাম জেলা প্রশাসক ও ব্রিটিশ হাইকমিশনকে জানান। পরে কোতোয়ালি থানা–পুলিশের একটি দল অভিযান চালিয়ে নগরের বাকলিয়া এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করে।তিনি আরও বলেন, ওই ব্যাগে দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা এবং চেকবই ছিল। অক্ষত অবস্থায় সবকিছু উদ্ধার করা হয়। পরে রাতে ওই ব্রিটিশ দম্পতির কাছে সব বুঝিয়ে দেওয়া হয়েছে।