পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই আটক ৪ নারী
বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় একদল লোক। এ সময় পুলিশের দুই সদস্যকে মারধর করা হয় এবং থানার পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। আজ শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার নারীকে আটক করেছে পুলিশ।জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান থানার একটি পিকআপ ভ্যান নিয়ে তাকে গ্রেপ্তার করতে ওই গ্রামে যান।
পরে পুলিশ সদস্যরা গোলাম কবির সুমনকে আটক করে পিকআপে তোলার সময় স্থানীয় একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে মারধর করে তাদের কাছ থেকে সুমনকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়। খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
