নওগাঁয় দুই অবৈধ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
নওগাঁর পোরশা উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার প্রস্তুতি ও পুনর্নির্মাণ-সংস্কারকাজ চালু রাখার অভিযোগে দুটি ইটভাটার মালিকপক্ষকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।জরিমানাপ্রাপ্ত ইটভাটা দুটি হলো উপজেলার পশ্চিম রঘুনাথপুর এলাকার মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকার মেসার্স কেইবিসি ব্রিকস।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ইটভাটা দুটির কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইটভাটা দুটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে পৃথক দুটি মামলা করা হয়।
একই সঙ্গে মোট ৪ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা বলেন, বৈধ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটা দুটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইনসহ নওগাঁ ব্যাটালিয়ন আনসারের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
