হয়রানিমুক্ত ভূমিসেবা দিয়ে প্রশংসিত বগুড়া সদর এসিল্যান্ড পলাশ চন্দ্রের বদলি
সাধারণ মানুষের কাছে দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার। দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং সরকারি সম্পত্তি রক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। সম্প্রতি তাঁকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। বগুড়া সদর উপজেলায় দায়িত্ব পালনকালে ভূমিসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ নেন পলাশ চন্দ্র সরকার। বিশেষ করে ভূমির নামজারি প্রক্রিয়া সহজ করা, মিস মোকদ্দমা দ্রুত নিষ্পত্তি এবং সেবাগ্রহীতাদের হয়রানি কমাতে তিনি গুরুত্ব দেন। ভূমি অফিসে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করার প্রচেষ্টা ছিল তাঁর কার্যক্রমের অন্যতম দিক।
এ ছাড়া কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন তিনি।পলাশ চন্দ্র সরকার বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত নামজারি সেবা নিশ্চিত এবং ভূমি-সংক্রান্ত মিস মোকদ্দমা নিষ্পত্তিতে গুরুত্ব দিয়েছেন। ভূমির মালিকরা যাতে সরকারি নিয়ম অনুযায়ী স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পান, সে লক্ষ্যেই কাজ করেছেন। দায়িত্ব পালনকালে বগুড়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা পেয়েছেন উল্লেখ করে তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাকে গুরুত্ব দিয়ে শোনার পাশাপাশি তা সমাধানে আন্তরিক প্রচেষ্টা, দায়িত্বশীল আচরণ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার উদ্যোগগুলো স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। বদলির মধ্য দিয়ে বগুড়া সদর উপজেলায় তাঁর দায়িত্বের অবসান ঘটলেও সেবাপ্রত্যাশীদের কাছে তাঁর জনবান্ধব ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
