মুক্তিযোদ্ধা মানিক পাশার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ
মুক্তিযোদ্ধা মানিক পাশার জানাজা ও দাফনে বাধা এবং স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সমাজসেবক জাহিদ রব্বানী, জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম, সাবেক সভাপতি কায়েস উদ্দিন, হাতে খড়ি পরিচালনাকারী মাগফিরুল ইসলাম বিদ্যুৎ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সাব্বির আহমেদসহ অন্যরা।এ সময় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, যাঁদের রক্তের বিনিময়ে আজ জাতীয় পতাকা অর্জিত হয়েছে, তাঁদেরই লাঞ্ছিত ও অবজ্ঞা করা হচ্ছে। যাঁদের ত্যাগের বিনিময়ে জাতি স্বাধীনতা পেয়েছে, সেই জাতির সূর্যসন্তানরা আজ অবহেলিত।
কবর খননের পর তা ভরাট করে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর ১৯৭১ সালের বাংলাদেশ যেন ছিনতাই হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো, শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমান করার মতো ঘটনা ঘটেছে। এমনকি তাঁদের দাফনেও বাধা দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের মর্যাদাহানি তাঁরা মেনে নেবেন না।এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।তাঁরা বলেন, যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তাঁরা।সমাবেশ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।
