মান্দায় নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নওগাঁর মান্দায় সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম।
একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল,বিএনপি নেতা নূর বক্স মণ্ডল ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল এবং সাবেক যুগ্ম আহবায়ক ডি এম আব্দুল মালেকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।সেমিনারে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত, সাম্যবাদী চেতনা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য সম্পদ। তাঁর বিদ্রোহী চেতনা, মানবপ্রেম ও সাম্যের বাণী সমাজে অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
