Joy Jugantor | online newspaper

নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ৩১ অক্টোবর ২০২৬

নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

​  বগুড়ার নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। আজ  শনিবার (৩১ অক্টোবর) থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মৎস্য চাষি ইউনুছ আলী। এরআগে, শুক্রবার রাতে ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই হিন্দুপাড়া এলাকার লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। ঘটনার জন্য তিনজনকে দায়ী করেছেন মৎস্য চাষি। ​অভিযুক্তরা হলেন- উপজেলার হাটকড়ই গ্রামের মৃত মূলির ছেলে আনিছুর রহমান, মৃত বিনু নাথের ছেলে সঞ্জয় কুমার (৩৮), আনিছুর রহমানের ছেলে নাঈম হোসেন। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ, ভয়ভীতি ও বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়ার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়। এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে অভিযুক্তরা।

ভুক্তভোগী ইউনুছ আলী দীর্ঘদিন ধরে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন। বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনার পর থেকে এলাকার মৎস্য চাষিরা আতঙ্কিত। অভিযোগ সূত্র জানায়, লিজ নেওয়া পুকুরে মাছের খাবার দিতে যান ভুক্তভোগীর কর্মচারী ইউসুফ আলী। তিনি পুকুরের দক্ষিণ পশ্চিম পাশে অভিযুক্তদের দেখতে পান। কর্মচারীর হাতে থাকা টর্চ লাইটের আলো ফেললে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তিনি চিৎকার দিলে স্থানীয়রা এসে অভিযুক্তদের পুকুরে অবস্থানের বিষয়টি জানতে পারেন। শনিবার পুকুরে খাবার দিতে গিয়ে দেখেন সব পোনা মাছ মরে ভেসে উঠেছে। ভুক্তভোগীর ধারণা, অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে লিজ নেওয়া পুকুরে কীটনাশক বা গ্যাস ট্যাবলেট জাতীয় বিষ প্রয়োগ করে মাছগুলো নিধন করেছে।​তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে। এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।