Joy Jugantor | online newspaper

বগুড়ায় রোকসানা খানমের অভিযোগ ভিত্তিহীন ও মানহানিকর: সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ৬ নভেম্বর ২০২৬

বগুড়ায় রোকসানা খানমের অভিযোগ ভিত্তিহীন ও মানহানিকর: সংবাদ সম্মেলন

বগুড়ায় রোকসানা খানমের অভিযোগ ভিত্তিহীন ও মানহানিকর: সংবাদ সম্মেলন

বগুড়ায় সংবাদ সম্মেলনে মোছাঃ রোকসানা খানম নামের এক নারীর দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মোঃ সাদ্দাম হোসেন। নিজের সামাজিক সম্মান রক্ষা এবং প্রকৃত ঘটনা তুলে ধরতে আজ (৬ নভেম্বর) বগুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঠনঠনিয়া নতুনপাড়ার বাসিন্দা মোঃ সাদ্দাম হোসেন জানান, গত ২৬ অক্টোবর ও ৪ নভেম্বর মোছাঃ রোকসানা খানম বগুড়া প্রেসক্লাবে পর পর দুটি সংবাদ সম্মেলন করেন। সেখানে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পুরোনো বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা এবং নির্মাণাধীন ভবনের ইট, বালু ও সিমেন্ট সরবরাহের বিষয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়।সাদ্দাম হোসেন বলেন, "রোকসানা খানমের সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এসব ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে সমাজে আমার ব্যক্তিগত ও সামাজিক সম্মান চরমভাবে ক্ষুণ্ন করা হয়েছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, অভিযোগ আর প্রমাণিত সত্য এক বিষয় নয়।"

তিনি আরও বলেন, "আমি কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করতে কিংবা কাউকে সামাজিকভাবে হেয় করতে এখানে আসিনি। একজন নাগরিক হিসেবে আমার বিরুদ্ধে প্রকাশ্যে আনা মিথ্যা অভিযোগের বিপরীতে প্রকৃত ঘটনা ও নিজের অবস্থান পরিষ্কার করা আমার নৈতিক ও আইনগত অধিকার।"এই ঘটনার আইনগত প্রতিকার ও সুষ্ঠু তদন্ত চেয়ে ইতিমধ্যে বগুড়া সদর থানায় মোছাঃ রোকসানা খানমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান সাদ্দাম হোসেন। থানা কর্তৃপক্ষ অভিযোগটি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন সমাজের দর্পণ হিসেবে কর্মরত সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো একটি পক্ষের একতরফা বক্তব্যের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত না করে, উভয় পক্ষের বক্তব্য যাচাই করে যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা হয়। তিনি নিজেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল দাবি করে কোনো প্রকার সংঘাত বা বিরোধ ছাড়াই নিজের সামাজিক সম্মান ও মর্যাদার সুরক্ষা চান।