সারিয়াকান্দিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হল শারদীয় দুর্গা উৎসব
বগুড়ার সারিয়াকান্দিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী বিজয়া দশমীর উৎসবের দিনে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর ঢাকঢোল ও কাঁসর বাজিয়ে করেন আনন্দ-উৎসব। নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে মা দুর্গার সপরিবারে আগামী বছর আবার আসবেন এই বিশ্বাসে অশ্রুসিক্ত নয়নে দুর্গা মাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা। গত ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে উপজেলায় ২৮ টি মণ্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এবার ঘোড়ায় চড়ে কৈলাস থেকে দেবী দুর্গা এসেছিলেন পৃথিবীতে, আর নৌকায় চড়ে গমন করলেন।বগুড়া জেলা ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমাগুলো কালিতলা ঘাট যমুনা নদী ছাড়াও বাঙালি নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এতে সহায়তা করে উপজেলা প্রশাসন , থানা পুলিশ, ফায়ার সার্ভিস ,আনসার বাহিনীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। ফলে বিভিন্ন সাবধানতা অবলম্বন এবং সবার সহযোগিতায় কোনো ধরনের গোলযোগ ও বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা প্রতিমা বিসর্জন।
