সিরাজগঞ্জে বাসে মাদক পরিবহন, ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোছাঃ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে সিরাজগঞ্জ সদর থানার তেলকুপি গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন কাঠেরপুল থেকে চান্দাইকোনাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শাহনাজ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত ওবিরুল।এসআরবি-১২-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়কের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের অভিযোগে শাহনাজকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২৯৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী দীর্ঘদিন ধরে জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি-১২।এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে এসআরবি-১২।
