বগুড়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তা ও অনুদানের চেক বিতরণ
বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন বগুড়া এ অনুষ্ঠানের আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপপ্রচারের মাধ্যমে বগুড়ার উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিক বন্ধুদের এই অপপ্রচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।
তিনি আরও বলেন, আড়াই হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের বগুড়া প্রাচীনকালে পুণ্ড্রবর্ধনের রাজধানী ছিল এবং পাকিস্তান আমলেও এটি অন্যতম প্রধান শিল্পনগরী ছিল। রাজশাহী বোর্ডের মধ্যে সেরা ফলাফল করেও বগুড়ায় দীর্ঘকাল বিশ্ববিদ্যালয় ও বিভাগ দেওয়া হয়নি। তবে বগুড়াকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। বিগত ১৭ বছরে বগুড়া যেসব নাগরিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তা ফিরিয়ে এনে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বগুড়ার কাঙ্খিত উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি দেন তিনি।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এ বি এম রফিকুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া জেলা সিনিয়র তথ্য অফিসার মাহফুজার রহমান।অনুষ্ঠানে ৪টি জেলার মোট ২২ জন সাংবাদিককে চিকিৎসা সহায়তা ও অনুদানের চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে বগুড়া জেলার ২ জন মৃত্যু জনিত কারণেসহ ১২ জন, রাজশাহী জেলার ৮ জন, নওগাঁ জেলার ১ জন এবং সিরাজগঞ্জ জেলার ১ জন সাংবাদিক রয়েছেন।
