Joy Jugantor | online newspaper

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ৮ অক্টোবর ২০২৬

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত 

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত 

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনে মাধ্যমিক শাখায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবন ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং সরকারি আজিজুল হক কলেজের মাধ্যমিক শাখার ইনচার্জ প্রফেসর মোঃ কামরুল সেলিম।সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহফুজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বিপ্লব, ছাত্রনেতা রজিবুল ইসলাম শাকিল, রাফিউল ইসলাম, আজিজুল হক কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হাসান তামিম ও সাধারণ সম্পাদক আবির প্রমুখ।

বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, সরকারি আজিজুল হক কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা, শৃঙ্খলা মেনে চলা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে কলেজের শিক্ষক, বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতা এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীনদের পদচারণায় এ সময় কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তৃতা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথচলায় শুভকামনা জানানো হয়।