আত্রাইয়ে বজ্রপাতে ৮ বছরের শিশুর মৃত্যু
নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের পাড়ের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের প্রবাসী জামীুর ইসলাম-এর ছেলে।স্থানীয়রা জানান, মির্জাপুর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দুপুরে ভবানীপুর-রায়পুর পাড়ের ঘাট এলাকায় নৌকার জন্য অপেক্ষা করছিল রোহান।
সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে শিশুটির মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
