বগুড়ার নৃত্যশিল্পী আশিক ফারুক ঢাকায় গহর জামিল পদকে ভূষিত
আন্তর্জাতিক নৃত্য দিবসে ঢাকায় দেশের প্রখ্যাত নৃত্যগুরু গহর জামিল সম্মাননা পেয়েছেন বগুড়ার বিশিষ্ট নৃত্যশিল্পী সৈয়দ আশিক ফারুক। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে ঢাকায় গহর জামিল পদকে তিনি ভূষিত হন।২৮ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গহর জামিল পদক তুলে দেওয়া হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী আশিক ফারুকের হাতে পদকটি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী সাজু আহমেদ, নিগার চৌধুরী, তামান্না রহমান, সেলিনা হক প্রমুখ।প্রায় চার দশক ধরে বগুড়ায় তিনি নৃত্যশিল্পী হিসেবে কাজ করে চলেছেন। তিনি চলচ্চিত্র, টিভি ও মঞ্চেও কাজ করেছেন।
তিনি বগুড়ায় ‘নৃত্যছন্দম আর্টস একাডেমি’ গঠন করে শিশুদের নৃত্য প্রশিক্ষণ প্রদান করছেন।নৃত্যের পাশাপাশি তিনি চিত্রশিল্পী হিসেবেও কাজ করেন। তার হাতে তৈরি হয়েছে এমন অনেক নৃত্যশিল্পী বগুড়ায় রয়েছে। এর আগে তিনি দেশের আরেক নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী পদক অর্জন করেন। ২০২০ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার অর্জন করেন।সৈয়দ আশিক ফারুক বগুড়ার বিভিন্ন মঞ্চে নৃত্য পরিবেশন করে সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি নৃত্য পরিচালনা করেন এবং শিশুদের নৃত্য প্রশিক্ষণ দিয়ে নৃত্যগুরু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
